বুধবার, ৬ মে, ২০২০

বৃত্ত ও অন্তকাব্য

 



মুখবন্ধ
ভাবনা আর বাস্তবের আবর্তক্রম পুনরাবৃত্তি ঘটে আমাদের মনোজগতে- পরিভাষা ভেদে মূর্ত আর পরাবাস্তবের প্রবাহ বলয়ে আমরা প্রত্যেকে বন্দি। চরিত্রভেদে কারো অপলাপ- কারো চিত্রণ হয়ে দাঁড়ায়। আমারটা আমি নিজেকে যতটা উন্মোচন করেছি, এটা তারই আখ্যান। এটা কোনো ‘কাফকায়েস্ক’ নয় যে, প্রচলিত গল্প বলার সীমানা অতিক্রম করব বা আখ্যানের ধরণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার মুরোদ রাখি। মানব অভিজ্ঞতার ধুসর অপ্রাপ্তিগুলোকে- তন্ময় হয়ে কল্পনা রূপে অন্বেষণের মন্ময়যাত্রা এটা। অত্যুচ্চ প্রশংসার সামান্যতম আকাঙ্খাও নেই, তাই একে প্রলাপ বা বিলাপ ভেবে স্বচ্ছন্দ্যে এড়িয়ে যাওয়াও যায়


()

আমি মফঃস্বলের পাড়া গেঁয়ে ভুত, সেকেলে। যতবার মহানগরের রাজপথে নিজেকে ফেরি করে ফিরি কাজের দোহায় দিয়ে, প্রতিটা মুহুর্তে অনুভব করি- আমি বড় আদিম সঙ্গতিরহিত এই আধুনিক পৃথিবীতে। আমার বাস হওয়া উচিৎ বিবস্ত্র প্রকৃতির সান্নিধ্যে যেখানে লৌকিকতা নেই, জাত নেই, ধর্ম নেই। নেই সম্পর্ক নামের প্রহসন। রাষ্ট্রের কঠোর আইনের ফাঁস নেই, সান্ত্রী নেই, সারাক্ষণ নরজরদারি নেই। খিদে আর লোভের পিছনে ছুটে নষ্ট করার জন্য কোনো জীবনদর্শন নেই। না থাকবে ইঁদুর দৌড়ের শিক্ষা, এগুলোকে বিজ্ঞাপিত করার কোনো ব্রতকেন্দ্রিক বিগ্রহও থাকবেনা যেখানে। আনুষ্ঠানিক আচার-সংস্কার, তত্ত্ব, ভক্তি, কর্ম, বৃত্তি, ব্যঙ্গ, প্রতিষ্ঠার উর্ধ্বে- যেখানে থাকবে অমূল্য পুষ্টি যুক্ত জ্ঞানসুধা বর্ষা, অকৃত্রিম খাদ্যশৃঙ্খল আর শুল্কহীন নিখিল সৃষ্টি জগৎ।

দেহতত্ত্ব, আত্মতত্ত্ব, গুরুতত্ত্ব, দয়ালতত্ত্ব, ভাবতত্ত্ব- নিদেন পক্ষে বাউল, মুর্শিদি, মারফতিও হতে পারিনি। আমার মত অনোভিযোজিত অনুন্নত জীবের জন্য বিচ্ছিন্ন কোনো প্রান্তরই আদর্শ। মন গেলে খাবো, যা জুটবে। মাঝরাত্রে গান গাইব গলা ছেড়ে, খালি গায়ে ঘাসের বিছানাতে শুয়ে আকাশগঙ্গায় পবিত্রতা খুঁজব। মাটিতে আঁক কষব দায় আর দায়িত্বের জটিল গনিতের, ‘নেই সম্পর্কের’ রসায়নের ইতিহাস গুলোকে শরীরের ভূগোল থেকে মিথ্যা বিচ্ছিন্ন করার প্রচেষ্টাতে- সময়কে ব্যবচ্ছেদ করব জৈবিক চাহিদার যুপকাষ্ঠে। আর সেই অলীক বলির অস্তিত্বহীন রক্তে এসবই দুকলম ‘অজ্ঞাত কুলশীল’ লিখে ফেলব নড়বড়ে অনভ্যস্ত হাতে, যেগুলো কেউ কখনও পড়বেনা কোনোদিনও।

সেই ছোটবেলায় জন্ম হবার দরুন বুদ্ধিটা যেটুকুই পেকেছে, তা এই বড় বয়েসে এসে। রোমহর্ষহীন একটা বৃত্ত, যা শুরু হতেই অন্তে পৌঁছে গিয়েছে, তাই বৃত্তান্ত হয়ে উঠতে পারেনি কখনই। স্বভাবতই, কাল থাকতে পড়াশোনা করিনি মোটেই। তার উপর আমার গায়িত্রী মন্ত্র-

পড়াশোনা করিবি, মরিবি দুঃখে

মৎস ধরিবি খাইবি সুখে

সুতরাং, বাল্যকাল থেকে জপা এই ইষ্টমন্ত্রই জীবনে একমাত্র জেঁকে বসে আছে নাছোরবান্দার মত। যা খুশি করি, পড়াশোনা ‘নৈব নৈব চ’।


()

কল্পনা করি, আমি থাকি- মনুষ্য কোলাহল মুক্ত রসিক বিলের এক পাড়ের ছোট্ট কুঁড়েতে। একটু দূরে গাঁয়ের ইস্কুলবাড়ি একতলা, ইস্কুলের আবাসিক ভবনটিও লাগোয়া, দ্বিতল বিশিষ্ট। সন্ধ্যায় লন্ঠনের নিভুনিভু আলো জ্বলে তাদের ঘরে। উপরে ঝাঁকড়া তেঁতুলগাছের শামিয়ানা। আশেপাশে কয়েকটা ফলসা, চালতা, কামরাঙা, কুল, জাম, জামরুল আর বিলাতি আমড়ার ফলদায়ী গাছ। অনেক দূরে সীমানার কোনে জোড়া পাঁকুরের গাছ, সেখানে বহু পাখির বাস, দিনের বেলা এই গাছতলাতে অস্থায়ী দোকান বসে, আলুকাবলি, সিদ্ধছোলা, ঘুগনি, পাঁপড়, বারোভাজা আর শশা বিক্রি হয়।

সামনে একটা বাচরা খেলার মাঠ, তারপর ঢোলকলমি আর নিশিন্দার বেড়া দেওয়া একটা এঁদো ডোবা, এখানে মশার চাষ হয় প্রকৃতির তদারকিতে। দোতলাতে শিক্ষক আবাস, একলা দোকলা, কাচ্চাবাচ্চা নিয়ে চার বা পাঁচকলা পরিবারও থাকে ওখানে। হয়ত তাদের আসা যাওয়া লেগে থাকে ওখানে। ইস্কুলের বাচ্চাদের বড় ভালো লাগে, মানুষের বাচ্চারা ঠিক মানুষ নয়, তারা যেহেতু মানবিক ক্লেদ, গ্লানি, লালসা আর রিপুর উর্ধ্বে- তাই তারা নিজেরা একটা আলাদা প্রজাতি- ছত্রাকের মত ক্ষনস্থায়ী ও পবিত্র

রসিক বিলের মাছ পাহারায় স্বনিয়োজিত রক্ষী আমি। এখন পচা ভাদর, ত্রয়োদশী চাঁদ হোক বা কন্যা, ভাদরের আদর নিতে মেঘের আড়াল থেকে সমানে উঁকিঝুঁকি দিয়ে যায় সামান্য ফুরসৎ পেলেই। মাঠের পাট, বিলের চারি পাড় বরাবর পচাতে দেয় এই সময়, উপরে কলা গাছের লাশ, বিলের কালো পাঁক আর ছটের দড়ির আষ্টেপৃষ্টে সোহাগের জড়াজড়িতে এক আশ্চর্য সহাবস্থান। একঘেয়ে মাছের আঁশটে গন্ধ, দুরের বাঁশবাগানে চ্যাংড়া ছোঁড়াদের গাঁজার উৎকট গন্ধে দুষিত বাতাস আর ইস্কুলের ছেলেদের হিসুর রাসায়নিক গন্ধের ভিড়ে, পচা পাটের গন্ধ- জীবনে একটু ভিন্নতা আনে প্রতি বছর এই সময়টা

পচা পাট মানেই চটুই পাখির সাইজের ডেঁয়ো মশা। জানিনা এগুলো মদ্দা না মেদ্দি। তবে কামরানোর আগে একটা বিনাকা গীতমালা শুনিয়ে বেশ সুড়সুড়ি দিয়ে তবেই প্যাঁক করে হুল ফোটায়, যতক্ষণ জেগে থাকি। এটাই সেই ‘বেশ ভাল আছি’ জীবন। অকৃতদার জীবনের দ্বিতীয় ইনিংস খেলা প্রো-নিয়ানডারথাল প্রাইমেট আমি। এই পাণ্ডববর্জিত স্থান, তার উপর রাত্রের দিঘীর পাড়, জটপাকানো শালুকের ডাঁটির ফাঁকে ফাঁকে ছোট ছোট শুভ্র সাদা রঙের চাঁদমালা ফুলে মৃদু হাওয়ার ঢেউ লেগে একটা ছন্দ খেলা করিয়ে যায়। ব্যাঙাচির দলেরা হইহই করে গোল্লাছুট খেলে কলমি লতা আর হেলেঞ্চার বনে।


()

মাদারের ডালে হাওয়া লাগে, বহলের বুকে কাঁপন ধরিয়ে। কালো মেঘে আকাশ ছেয়ে গেলে, হিজলের বুকের জমাট অন্ধকার ঝড়ে পরে দীর্ঘশ্বাসের মত নিঃশব্দে। সামনেই শারদীয়া, বড় নল, কাশ আর খাগড়াদের সমাজে তাই সাজসাজ রব, বোবা বাতাসে বুক পাতলে তার গুনগুনানি শুনতে পাওয়া যায়। জারুল গাছের কান্ড বেয়ে ধুধুল আর গোয়াললতার পরকীয়া চলে প্রকাশ্য আঁধারে। একটা বেওয়ারিশ হাসনুহানা তার গন্ধ দিয়ে অবৈধ সম্পরর্কের নোংরা ইঙ্গিত দেয়। সেই ইঙ্গিতে কে কার কাছে কুহকিনীর মত ধরা দেয় জানিনা, আমার শুধু মশারাই একমাত্র সাথী। ওরা আমায় কামড়ে সুখ পায়, আমি ওদের তাড়িয়ে, অদ্ভুত অতীন্দ্রিয়বাদ। এভাবেই দিন কাটে মশাদের সঙ্গে সহাবস্থানে। কখনও ওরা আমাকে একা পেয়ে রক্ত খায় রীতিমত দলবেঁধে। ব্যাপারটা ক্রমশ একতরফা পর্যায়ে পৌঁছালে আমিও ওদের পিটিয়ে মারি, নিষ্ফল ক্রোধ এভাবেই নিষ্ক্রমণের পথ খুঁজে নেয় হয়তো। হৃদয়ের শরীর জুড়ে ছুঁয়ে থাকে দীর্ঘ শুষ্ক চাওয়ারা, মৃত উদ্ভিদের বাকলের মত। অনন্ত, অনন্ত ঘুমের আগে যার থেকে পরিত্রাণ নেই

কিছু রাতচড়া পাখির দল ভয় দেখানো গান গেয়ে যায়, মেঠো ইঁদুরের দলের এটা অফিস টাইম, চুড়ান্ত কর্মব্যস্ততা। অন্ধ ফড়িং এর দল ব্যাঙের খাদ্য হতে চেয়ে তিরতির করে উড়ে উড়ে যায় নক্ষত্রের কানা আলোর পথ বেয়ে। ভেজা মাটিতে সাপের খসখসানি শব্দ না উঠলেও নেউলের দৌরাত্ব টের পাওয়া যায়। জোনাকির পিছনের আলো দেখে ঝিঁঝিঁর দলের একটানা সমস্বরে মড়া কান্নার ফাঁকে- বাঁদুরের ডানা ঝাঁপটানোর আওয়াজে সম্বিৎ ফিরলে, দূর মাঠের মাঝে ক্ষুধার্ত শেয়ালের দলের বিলাপ শুনলে মনটা সেই কৈশরের ভাবনাহীন রাতগুলোতে ফিরে যায়। আবেগ আর অনুভবের বায়বীয় খাদ্যশৃঙ্খল যখন ‘আমিকে’ খেয়ে ফেলেনি, সেই মিষ্টি কৈশরের গন্ধ মাখা এই অন্ধ ভাদর আজও অপলক করে দেয়। গন্ধ শুঁকে শুঁকে চলে আসা একটা খোঁড়া নেড়ি এসে জলন্ত চোখ দেখিয়ে নিরবে বলে যায়- অন্ধকারের অধিরাজ্যে জেগে উঠা পৃথিবীতে ‘মানুষ’ বড়ই অনাহূত

মশা’য় কাটা, আমারই রক্ত খাওয়ার দাগ গুলো ছাড়া, আমার সারা শরীর বা জীবনে কোথাও বিন্দুমাত্র রঙ নেই। প্রেম আমার সধবার একাদশী, মৌনতা দিয়ে যৌনতার মন্থন নির্নয় করি দুর্বিপাকের পরিধি বরাবর। স্বমেহনে গৌন থাকা বিষয়সূচি কর্বুরিত সঙ্গমের লাবন্যে ঋদ্ধ হয় উদ্দীপিত রেতঃক্ষেপে। রাত্রে মাঝে মাঝে ছিপ নৌকা নিয়ে বের হই অন্বেষণে, টহল দিই দিঘীর চারি বেড়া। জিয়লের বনের ধারে মেছো ভুত, মামদো ভুতের উপদ্রব খুব বেশি, জেলেদের উপকথায় শুনেছি। তেনাদের আবছায়া শরীরের শীতলতা অনুভূত হয়, চোখ বন্ধ করলেই। বেম্মোদত্যি আছে কিনা জানিনা, অবিশ্যি তারা সাত্তিক ব্রাহ্মন, মাছ ছুঁয়ে দেখেননা, তবে গন্ধ নেন হয়ত।

আমি মনের সুখে পরিক্রমা করি, গুনগুন করে এক আধটা জারিগান, ভাটিয়ালি, ভাওয়াইয়া গানের কলিও ভাঁজি। শ্রমভার নেই, তাই লাঘবতা হীন চিত্তবিনোদনের জন্য এ বড় সরল সঙ্গীতের আয়োজন। আলকাপ, গম্ভীরা, ঝুমুর বা খাম্বাজ- আঁধারের পথে এই বড়লোকি মানায়না। নদীবিধৌত অরণ্যাকীর্ণ এই প্রান্তভূমে কাক চিল পানকৌড়ি মাছরাঙা ছাড়া কারো উপদ্রব নেই, যেহেতু এখানকার কোনো মালিকপক্ষ নেই তাই পাহারাও নেই আমি ছাড়া।

দিত সূর্যের সাথে আমার আজন্ম বিবাদ, সারারাত টো-টো করে ঘুরে বেড়াই হেঁটে বা ছিপ নিয়ে, তাই দিনে ঘুমাই। সকল শখ এখন ছিলিমে বন্দি করে অধ্যাত্মপিপাসা নিবৃত্ত করি


()

কোন একসময় বাইবেলে পড়েছিলাম, “পবিত্র আত্মার স্থায়ী শক্তি ব্যতীত, আমাদের প্রচেষ্টা দৈহিক এবং অকার্যকর”। আমার মাঝে আত্মা থাকলেও তাতে পবিত্রতা নেই, তাই অবশিষ্ট সবটুকুই দেহ। সেই দেহতে দুপুরের তপ্ত সূর্যের জুলুমে ঘুম ভাঙে, মশককুল সৃষ্ট রক্তের লাল ছোপ অংশে হাত চলে যায় স্বতঃস্ফূর্তভাবে। স্পর্শনাতীত চরাচর থেকে বাস্তবের নীল-সাদা ইমারতের দিকে নজর চলে আপনা হতেই, ইস্কুলবাড়ির দিকে। দেখা যায় কতগুলো অমেরুদণ্ডী প্রাণী বুকে হেঁটে চলেছে মস্তিষ্কহীন জেলিফিসের মত লালসার রসে চোবানো বিষাক্ত একটা দলাপাকানো চটচটে শরীর নিয়ে। এনারাই শিক্ষক।


জীবন হল একটি ত্রুটিপূর্ণ শক্তি, একটা শিল্প। শিল্পীর একমাত্র কর্তব্য সম্ভাব্য তাৎপর্যগুলির অনুসন্ধান চালানো, সুশৃঙ্খল প্রণালীতে যার কোন বৈধত্ব নেই। অননুকরণীয়ভাবে নিশ্চয়াত্মক প্রতিকল্প স্থাপন করতে কর্তৃত্ব লাগে, যা আজকের শিক্ষককুলের নেই। তারা নিজেদের ত্রুটিমুক্ত ও সম্পূর্ণ ভাবেন। নান্দনিকতার মাত্রায় সময়কে মাপা যায়না, এর জন্য বোধ দরকার, শৈল্পিক সুক্ষ বোধ। আমরা সকলেই শিল্পী, যখন আমরা অনুসন্ধান করতে শিখি, প্রশ্ন করতে শিখি, বিশ্লেষণের প্রচেষ্টা করি। আমরা ভুলে যায়- একজনের ন্যায়পরায়ণতার চোখে অন্যকে বিচার করা বিভ্রান্তিজনক, কারন প্রত্যেকের প্রেক্ষিত আলাদা। অথচ আমরা এটাকেই সামাজিকতার নাম দিয়ে সভ্যতা বানিয়েছি। তাই শিক্ষক শিল্পী হতে পারেননি কখনও। পুলিশের মত একটা আলাদা বর্গ বা প্রজাতি হয়ে গেছে সমাজে। সে যাই হোক-

এমনই এক সন্ধ্যায় সামনের শিক্ষকাবাসে হঠাৎই নতুন কেও এলেন বুঝি! একজন একলা মানুষ, একটি একলা দেহ। শিক্ষক সম্প্রদায়ের কি? হবেও বা। আমার ঘর নেই, শনের চালের নিচে বাঁশের মাচা, জানালা দরজার আড়ম্বর নেই। কিন্তু সেই একলা মানুষটির ঘর আছে, রমণীয় ভাদরে সেই ঘরের জানালা খোলা। সম্ভবত ছোট শহর থেকে আগত, তাই চিৎকার নেই। বিদ্যুতশক্তি বিহীন এই পাড়াগাঁ, কালিঝুলি মাখা টিমিটিমে লণ্ঠনের মায়াবি আলোতে একটা অবয়ব ধরা দেয়, কাঁধের নিচ পর্যন্ত ঝুলে থাকা খোলা চুল। বৈরাগী মন দ্রুত এবং সবলীল পদচারনার দৌর্মনস্য তন্ত্রে চর্মচক্ষুকে একক বানিয়ে, বিনুনির খোঁজে বাঁধা পরে যায় আবার। খুঁজে নিই ক্ষুদ্রাতিক্ষুদ্র তুচ্ছ বিষয়- হাতে একটাই চুড়ি, বেশ মোটা, অবিবাহিত ধরে নেওয়ার মাঝেই ফলাগমের শক্যতা


()

অগত্যা, আমি অনাসক্তির উপরে পুনরায় অনাসক্তি এনে রোজ সন্ধ্যায় ওই অপরিচিতার ছায়ার মায়ায় পড়ে গেলাম। আমার মাচায় একটা কেরোসিনের কুপি ছিল বটে, কিন্তু কখনই জ্বালানো হয়নি, দরকারই ছিলনা। ব্যাটারি টর্চেই জরুরী কাজ মিটত। থাকার মধ্যে মুখের বিড়ি, তাতে উনার দৃষ্টি আকর্ষনের কোন সুযোগ ছিলনা। শুক্লপক্ষের জ্যোৎস্নাতে ঝলসে গিয়ে প্রেতাত্মা স্বরূপ ভৌতিক অবয়ব তার দৃষ্টি আকর্ষণে অক্ষম হলেও, আমার তরফে ক্রমে ভাললাগা অতঃপর ভালবাসা গড়ে উঠল; একতরফাই

তোমার এবং পৃথিবীর মধ্যে দ্বন্দ্বে পৃথিবী দ্বিতীয়”, মানে তুমি প্রথম আর আমি সর্বদা তৃতীয়

আমার অনুসন্ধায়ী ক্ষুধার্ত নাগরবাউল চিত্ত, তার পুঙ্খানুপুঙ্খ বিষয়ের উপরে পর্যবেক্ষণ শুরু করে দিলো। ফি’সন্ধ্যায় নিপুনতার সাথে পরিপাটী করে চুলের পরিচর্যা তিনি করেন, অনুমান করি- পোষাক পরিবর্তনও করেন জানালা খোলা রেখে নিভু নিভু আলোতে। উন্নত বক্ষদেশ, আহা। সুতনুকা কটিদেশ, লন্ঠনের মায়াবী আলোতে নেশা ধরিয়ে দেয়। এর পরেরটা বড় বেদনাদায়ক। উপুড় হয়ে শুয়ে হাতের ভরে শরীরটাকে কেমন উপর নিচে করতে থাকেন আধা ঘন্টা প্রায়। ব্যাপারটা পুরোটা বুঝিনা, প্রেম না থাকলে কৌতুহল মেটাতে জানালার ফাঁকে উঁকি দিতাম নিশ্চই, কিন্তু ভালবাসাকে ফাঁকি দিতে নারাজ; ফলত আমি ঝুঁকি নিতে পারলাম না। বরং সেই কষ্টে ঠোঁটে উঠে কাল্পনিক মোহন বাঁশি। ছিপের ধরাটির উপরে এলিয়ে দিই শরীরকে। কোনো সুর জানিনা, তবুও বাঁশি বাজে আপনসৃষ্ট সুরে। ওতে বিষাদ থাকে, তাই ওটা বিষাদসিন্ধুই হবে

কন্যা-ভগিনী-জননীরূপে পরিবারে নারীর অবস্থান সত্য, কিন্তু যাকে কেন্দ্র করে সংসার-সাগরে ভাবরাশি উত্থিত হয়- তা প্রণয়িনী রূপেই। যথাক্রমে, এর পর তিনি গৃহকর্ম সারেন একে একে, আমার অপলক দৃষ্টি তার প্রতি থাকে, অন্তরে বাজতেই থাকে বিষাদসিন্ধুর সুর। রাত বাড়ে, ক্রমশ ঘরের আলো নিভুনিভু হয়ে আসে, এরপর কেন জানিনা চঞ্চল পায়ে পদসঞ্চালনা করেন রোজ। কল্পনার কোন সীমা থাকেনা শুনেছি। আমার কল্পনাও তেমনি ডানা মেলে উড়ে চলে উর্ধ্বপানে।

জ্যোৎস্না রাতের মায়াবী চাঁদও কম্পিত হয় লাজে, ‘তুম্বা আর ডান্ডির’ প্রতিটা তারে পিছলে যায় গতস্পৃহ সুর, সেই লাজে মেঘের ঘোমটা টেনে নেয় শুকতারা, মিটিমিটি চায় আমার ঘুমঘুম চোখের দিকে। চমকে উঠি, হৃদয়ে তোলপাড়, শিহরিত হই মুহুর্মুহ। নবীন যৌবনের উন্মত্ত ঝঙ্কার, সেতারের তীক্ষ্ণ সুর ধৈর্যের প্রতীক হয়ে লুটোপুটি খায় বিলের জলে। অনবিল আনন্দেরা সৃষ্টি সুখের উল্লাসে বাজিয়ে চলে সুরের মুর্চ্ছনা। মধুর দমবন্ধ পরিস্থিতি যা একই সাথে পরমসুখ ও যন্ত্রনার, ক্রমে চেপে বসে বুকের উপরে। নিঃশ্বাসের জন্য হাহাকার করা সমস্ত চেতনা একাকার হয়ে যায় প্রকৃতি, আমি ও সেই কুহকিনীর সাথে।

অসমস্তরের প্রেমে প্রতিবন্ধকতা হিসেবে সামন্তপতি, তার প্রতিনিধি, বিত্তশালী, ক্ষমতাধর, রূপতৃষ্ণা, প্রণয়বাসনা, কামপ্রবৃত্তি ইত্যাদি অনুগামী হয়ে চলে আসে। অত্যাচার, শোষণ, নির্যাতন, প্রতিহিংসাপরায়ণতা, কৌলীন্য, রক্ষণশীলতা, আভিজাত্যের অহঙ্কার, ইন্দ্রিয়াসক্তি, সম্ভোগপ্রিয়তা, বহুগামিতা এমন শব্দের দল ক্ষতবিক্ষত করে তোলে আত্মাকে। যেন একমাত্র মহাজাগতিক অস্তিত্ব আমি, বাকি সব ভ্রম। এই দ্বন্দ্বে নির্ভার প্রেমের তন্ত্রী ছিঁড়ে যায় উপচানো মায়া বিছানো উঠোনে, অন্তরঙ্গ মুহুর্তেরা হাহাকার করে উঠে

কোন এক বিখ্যাত জনের বানী শুনেছিলাম, আরেক জ্ঞানগম্যিওয়ালা মানুষের কাছে, সেটা এ রকমঃ-
ক্ষুধা ও সৌন্দর্যবোধের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যে-সব দেশে অধিকাংশ মানুষ অনাহারী, সেখানে মাংসল হওয়া রূপসীর লক্ষণ; যে-সব দেশে প্রচুর খাদ্য আছে, সেখানে মেদহীনতাই সৌন্দর্য্য”।

সেহেতু ওই অপরিচিত সান্ধ্যকালীন আবছায়াটা ঈষৎ চর্বিযুক্ত হলেও, আমার পিরিতসুখের অনাহারী দৈন্য দশাবস্থাতে, যে শুধু মাত্র মশার সাথে সহবাস করে করে, এই মাংসল ছায়াচিত্র আমার মন জগৎকে যথেষ্ট প্রেমাশিক্ত করত। এমনিই চলে কয়েক পক্ষকাল জুড়ে


()

রোববার, ছুটির দিন। বাবুরা নিজেরা ‘থলে আর চাকর’ নিয়ে বাজারে আসেন। আমার অপরিনত ঘুম ভেঙে যায়, ভোরে বিলের জলে জাল ফেলে বাগদী জেলে মহিলারা, সেই মাছ বাজারে যায়। কাজকর্ম থাকেনা, তাই ওই দিন বাজারে আমিও যায়, সংসার পিরীত মানুষ দেখে নিজেকে সুখী ভাবি। শিক্ষকাবাসের অবিবাহিত শিক্ষক শিক্ষিকার দল সাধারনত বাড়ি ফিরে যায় ছুটির দিনে। আজ দেখলাম একজন রয়ে গেছেন, এসেছেন বিলের তাজা সরপুঁটি কিনতে। নতুন মানুষ, আগে দেখিনি। বরেন বাবু এলাকার রেশন ডিলার, ইস্কুলের সেক্রেটারিও বটে। নানান কথাবার্তার ফাঁকে আমার উদ্দেশ্যে তিনিই বললেন- হ্যাঁরে, ইনাকে চিনিস!

- আমি মাথা নাড়লাম। না চিনিনা

- আরে ইনি আমাদের ইস্কুলের নতুন শরীরশিক্ষার মাষ্টার মশাই। এই তো মাস খানেক আগে এসেছেন। মেদিনীপুর থেকে, খুব ভাল মানুষ


আমি খেয়াল করলাম, কি শক্তপোক্ত চেহারা, বুকের দিকটা চওড়া, কোমর সরু, পাক্কা পালোয়ান মার্কা। গালে হালকা দাড়ি, পুরু ঝাঁটার মত গোঁফ। আর দেখলাম প্রসারিত রোমশ হাতে একটা পাঞ্জাবী স্টাইলের স্টিলের বালা, আর দুই বাহুজুড়ে কত কি সব ভয়ঙ্কর উল্কি আঁকা। দেখাই কেমন সম্ভ্রম জাগে মনে

- তুমিই কী সন্ধ্যাবেলা গান গাও বিলের ধারের মাচাতে?

- আজ্ঞে হ্যাঁ, তা গাই বৈকি

- কি নাম আপনার?

- আজ্ঞে মশা, ইয়ে মানে … আমাকে গানওয়ালা বলেই নাহয় ডাকবেন

- তা বেশ তা বেশ, আমি আপনার ওই মাচা ঘরের কোনাকুনি ইস্কুলবাড়ির আবাসনে থাকি। প্রাণ খুলে গলা সাধেন কিন্তু, খুব ভাল লাগে। আমি ডন বৈঠক দেওয়া থেকে, খেয়ে দেয়ে পায়চারি করার সময় অবধি সময় রোজ শুনি। খুব খুব সুন্দর।


বলতে বলতে, একটা মুচকি হেঁসে উনি সেক্রেটারি বাবুর সাথেই চলে গেলেন। আর আমি খেয়াল করলাম, ওই পালোয়ানের মাথায় বেশ লম্বা চুল, ঘাড়ের নিচ পর্যন্ত ঝুলেছে। তাতে আবার ছোট ছোট বিনুনি বাঁধা।


বাকিটা আর নিজেকেও কখনো শুধাইনি।


()
বিলাসিতা কাকে বলে জানেন!

বিলাসিতা হচ্ছে, আমাদের অন্তর যা পছন্দ করছে নিষ্কলুষ ভাবে, কাউকে আঘাত না করে, কাউকে ক্ষতি না করার মাঝে বিলাসিতার আসল বাস। হয়ত বোকাবোকা, কিন্তু বিলাসিতা মানে যে নিজেকে সম্মানিত করা। বিলাসিতা হচ্ছে পরিবারের সঙ্গে থাকা। বিলাসিতা হচ্ছে সন্তানদের সাথে কাটানো সময়গুচ্ছ। কী কে চি বলার মাঝে, ককোলির মত অর্থহীন শব্দে, না কে লা উচ্চারনে কিম্বা মিঠি শব্দের ওমে- এগুলো আমার একান্ত নিজশ্ব বিলাসিতা। যা মূল্য দিয়ে খরিদ করা যায় না

দামি ঘড়ি, মোবাইল বা অলঙ্কারে বিলাসিতা খোঁজা অর্থহীন। অর্থ কিম্বা নৌকার পালে বিলাসিতা নেই। বিলাসিতা হল প্রাণ খুলে হাসতে পারার কারনে, সুখী হওয়ার নির্দিষ্ট উপাদান না থাকার মাঝে। বিলাসিতা থাকে বন্ধুত্বে। বিলাসিতা মুখের পেশিতে খেলে যাওয়া মিষ্টি হাসির ঝিলিকে। আশ্লেষ আলিঙ্গন এবং বুকভরা শ্বাসে নেওয়া দীর্ঘ চুম্বনে। দোকানে বিলাসিতা কেনা যায়না, উপহারের মাঝেও বিলাসিতা নেই। অন্যের ক্ষতি না করে অন্তরে যা কিছু সুখানুভব পৌঁছে দেয়, সেটাই বিলাসিতা। জাঁকজমক আসরে বিলাসিতা খুঁজে ফেরা আপনি যদি একবার একাকীত্বের মাঝে নিজেকে খুঁজে পেয়ে যান, দেখবেন সেই যাপনের মাঝে কি ধরণের স্বর্গীয় বিলাসিতাটাই না রয়েছে।

আবার ফিরে আসি বাস্তবে, কোলাহল কল্লোলিনীর কোলে। দায়ে পরে, পালিয়ে যাওয়ার অনুষঙ্গ পেতে, একা হয়ে যাওয়ার অজুহাত খুঁজতে

সকলে পারেনা মুক্তি পেতে, আমিও সেই দলেই। তাই মনোজগতে বিচরণ করি স্বপ্নবিলাসী হয়ে। চুম্বনহীন প্রেম গণিকার জীবিকা, এতে ভালবাসা থাকেনা। ভালবাসা বিলাসিতা নয়, এটা আবশ্যিক। এটা সমাপ্তিবিহীন, কেবলমাত্র একটি তাৎপর্য মূলক পদ্ধতি, যার কোন সীমাবদ্ধতা নেই। রসিক বিল, বাঁশের মাচা, চাঁদমালা ফুল, মেছো ভুত আর নরম আলোয় দেখা আবছা মুর্তিতে খুঁজে ফিরি বিলাসিতা, হোকনা স্বপ্ন- তবুও বিলাসী হওয়ার মাঝেই তো সুখ, কল্পনার ইতি বৃত্তান্ত। এটাই জীবনের কবিতা



মঙ্গলবার, ৫ মে, ২০২০

জিভে দয়া করে যেই জন


 

হাই-ড-রকসি..... গুলু গুলু কুলু কুলু, ছ্যাঁ ছ্যাঁ এটা আবার কেমনতর নাম যা জিভ উচ্চারণ করতে পারেনা! একটা জীবনদায়ী ওষুধের নাম সহজ হবেনা কেন? সে যুগে ছোটবেলায় জ্বর হলে মায়েরা ডাক্তারের কাছে গিয়ে বড়ি চাইতেন, হাতাওয়াল গেঞ্জি যাকে মেরজাই বা কামা বলে, সেই গায়ে ডাক্তারবাবু হামানদিস্তায় কিছু গুঁড়ো করে পুরিয়া দিতেন, আর সেই খেয়েই আমার দাদু ৭২ তে গিয়ে বোল্ড হয়েছিল by ফুলুরি, বাপটা এই তেষট্টিতেও টগবগে জোয়ান, নটআউট। তাদের এইসব বিটকেলে রোগও যেমন হয়নি, তেমনি এই ওষুধের নামও মনে রাখতে হয়নি।

তারও আগে কোবরেজ মশাই বা হাকিম সায়েব এর পাঁচন খেয়েছিল উর্ধ্বতন পূর্বপুরুষের দল, তারা কি টেঁশে গিয়েছিল অকালে? অথচ আমাদের সর্বাঙ্গ রোগে পটপট করছে, তার উপরে ওষুধের ভিনদেশী শব্দের চোটে লেজে-গোবরে থুক্কুরি জিভে-গয়েরে অবস্থা

পাঠশালাতে এমনিতেই ইতিহাসের সাল মনে থাকতনা, ভুগোলের ম্যাপবই টুকরো করে তাতে আলুকাবলি রেখে খেয়েছি। অঙ্কের ক্লাসে বসে জানলা দিয়ে তালগাছে বাবুই এর বাসা বাঁধা দেখতুম, হাজারহোক শিল্পী মন তো! সাড়ে সাত ঘরের নামতা শিখে ফেলাটা কোনো সাধারণ প্রতিভা ছিলনা। তার উপরে ইঞ্জিরি ক্লাসে নিমুনিয়া, লেফট্যানান্ট, এ্যাসোসিয়েশন ইত্যাদি বানানের চোটে কতজনই যে ক্লাস সিক্স টপকায়নি সে হিসাব সরকারের কাছে আছে? বিজ্ঞানের ক্লাসে গ্যালিলিও বললে গুলি খেলার কথা মনে পরত, কোপার্নিকাশের কথায় মনে পরত- নিচে পাড়ার হারুর সাথে কলআঁটির ঝামেলার হিসাবটা আজও নিকেশ করা বাকি। ভিটামিন মানে ‘গুটা ডিম’ এর বেশি বুঝিনি সেকালে।

ব্যকরণ পড়ে কতজন হাকিম, মোক্তার হয়েছে না জানলেও কত প্রতিভা অকালে ঝরে পড়েছে সে কথার লেখাজোখা কি রয়েছে সরকার বাহাদুরের ঘরে? কোনো মশালচি কী এমন গুরুত্বপুর্ণ বিষয়ের উপরে দস্তাবেজ তৈরি করেছে? নেই! যাদের ছাড়া দেশ চলবেনা, সেই বাসের ড্রাইভার, মুদি দোকানী, ঘুগনি ওয়ালা, জমাদার, গোয়ালা, নরসুন্দর প্রমুখদের ভূগোল-বিজ্ঞান-ব্যাকরণ কোন কাজে লেগেছে? এই ধরুন ঘোষেদের হাবু, আজ লোকের চুল কাটে সে কী এমনি এমনি? রহিম রাজমিস্ত্রির যোগারে হয়েই বুড়ো হয়ে গেল, দীনু লটারির টিকিট বেচে দিন চালায়, সেসব কি স্ব-ইচ্ছায়? আজ্ঞে না মশাই, তিনকড়ি পণ্ডিতের ব্যাকরণের ক্লাস যে কত হাবু, রহিম, মজনু, দীনু, হরিদের ভবিষ্যৎ কেড়েছে, ঘোষের ছেলেকে নাপিত বানিয়েছে, ইতিহাস তা মনে রাখেনি। ওরাও আপিস যেতে পারত যদি উচ্চারণের মহামারীতে ভোগে না যেত। ব্যাকরণের নত্ব-ষত্ব, সন্ধি বিচ্ছেদ, সমাস ছেড়ে দিন- কুজ্ঝটিকা, কিংকর্তব্যবিমূঢ়, আকাঙ্ক্ষা, দুর্বোধ্য শব্দ গুলোকে কেন মহামারী ঘোষণা করা হয়নি, এতগুলো প্রাণ নেবার পরেও? এক্ষেত্রে সুশীলসমাজ, বুদ্ধিজীবীরাও মুখে তালা লাগিয়ে রেখেছে, কেউ কখনও এমন মারাত্বক ছাত্র বিরোধী বিষয়ের উপরে অনশন, মিছিল, ধর্না কিচ্ছুটি করেনি, আদালতও শুয়োমোটো মামলা করেনি, জনস্বার্থের কথা কে আর ভাবে। এসবের পরেও আজকাল কিছু বিদেশী শব্দ এসেছে এই দুর্দিনের সময়, যখন মানুষ ঘরে শুয়ে শুয়ে ক্লান্ত

অথচ শুরুটা আমাদের কি দিয়ে? অ এ অজগরটি আসছে তেড়ে, আঁটকালো কোথাও! ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া, জল পড়ে- পাতা নড়ে, কোথাও আঁটকেছিল? সব জিনিসই কি শিখতে হয়, নিজ প্রতিভাতেও তো কতকিছুই শিখে যায়, বোকা যোগে ওই গালিটা, শুয়োরের বাচ্চা, অমুকের ছেলে, তমুকের ভাই এগুলো কে শিখিয়েছিল! সরল ভাষা, তাই সাবলীল ভাবে প্রায় সকলে শিখে নিয়েছে। উপরোক্ত গালি গুলি পর্যায়ক্রমে- মুর্খরতিকারক, বরাহনন্দন, পতিতাতনয়, উদ্দীপ্ত যৌনবিলাসীর ভ্রাতা ইত্যাদি রূপে যদি শেখাতে যান, কেউ শিখবে? হয় তারা উন্মাদ নতুবা সন্ন্যাসী হয়ে যাবে তবুও শিখবেনা

এই যে ধরুন আমাদের রোগব্যাধি গুলো, কত সরল নাম সব। বুনিয়াদী ইশকুলের সব ছেলেরা জানে ‘পেট-বেতা’ কাকে বলে, ঘরের বৌদের ‘মাতা-বেতা’ রোগ কে শিখিয়েছিল! ধরুন আমাশা, যতটা আয়েসে ওখান দিয়ে বের হয়, ততটাই সহজে জিভ দিয়েও বেড়িয়ে আসে। হাগা, বমি, জ্ব, কাশির মত রোগ, যা জিভকে কষ্ট না দিয়ে ফস করে বেড়িয়ে আসে। তারপর ধরুন ‘বাত’ বললেই সর্বাংগে একটা যন্ত্রনার উপন্যাস পড়ে নেওয়া যায়, আবার বাতের শেষে একটা ‘কম্ম’ জুড়ে দিতেই চোখ বন্ধ করে স্বর্গীয় পরিতৃপ্তিটা উপলব্ধি করার মত। বিদেশী রোগ কিন্তু তা নয়, influenza, Tuberculosis, diabetes, diarrhea , appendix, Osteoarthritis, Schizophrenia, Jaundice আরো কত্তকি, যেগুলো উচ্চারণ করতে গেছো কী হেডফোনের তারের মত জিভ জড়িয়ে গিঁট পেকে যাবে

মহামারীর নাম করোনাই হওয়া উচিৎ, কি সুন্দর মুখ দিয়ে বেড়িয়ে আসে। আগে কি মহামারী ছিলনা! লাউঠো, কুট, মায়ের দয়া, ভেদবমি, ধুমজ্বর- একটাও কী জিভে কষ্ট দিয়ে মেরেছে? চুলকানি রোগ তো আমাদের জাতীয় সম্পদ। এদেশে লোকে পাগল হয়ে যেত ঠিকিই কিন্তু তারাও গান, বাজনা সহ নানান আমোদ হরকত দেখাতো, তাদের কখনও lunatic asylum এ রেখে আসতে হয়নি যার নাম উচ্চারণ করতে গিয়ে দম আঁটকে যায়। গু, মুত, ঘামও কত ভাল ভাবে বের করা যায়, অথচ সাদা চামড়ার মানুষ গুলো সামান্য হিসি বোঝাতে গিয়ে ঠোঁট বেঁকিয়ে কত কসরত করে urine বলে বেচারারা। তারপর ধরুন গু, সেটাও বলতে গিয়ে জিভকে টাঁকরায় ঠেকিয়ে stool বলে, অথচ আমরা school কে সেই কবেই সরল ভাবে ইসকুল করে নিয়েছি

তারা যতই ব্রিটিশ বলুক আমরা ওদের গোরা করে দিয়েছিলাম, মেম-সায়েব, দোলান্দ কত্তো সুন্দর করে আমরা নাম দিয়ে দিয়েছি। Government কেও এই হালেই গরমেনট করে দিয়েছে পিসি। তাদের এলোমেলো ভাষার খপ্পরে আমারা আজও আলমন্ড, ডেঙ্গু, পিজ্জা, সোর, কুপন, লিংগারি, প্লাম্বার, এসথেমা, প্রসিডেন্ট, এগজামিন, এমনকি প্রোনাউনসিয়েসনটাও সঠিক করে আজও উচ্চারণ করতে পারিনা আমরা। কারন আমরা তো শিক্ষার যে ইংরেজি শব্দ সেটাকেই এডুকেশন লিখি অথচ গোরা গুলো এজ্যুকেশন বলে। ওদিকে লালচুলো মারকিন হনুটা আমাদের স্বামীজিকে ‘ভিভেকামুন্নোন’, বানিয়ে ছেড়েছে। ব্যাটা বেল্লিকের জাত, ঠিক করে জিভ ছোলেনা বোধহয়, আমাদের বঙ্কু পণ্ডিতের পাঠশালার ছপটির ঘা সপাৎ করে বার দুয়েক পিঠে পরলে জিভের ভুত রাম নাম জপতে জপতে পালাবার পথ পেতোনা। ভুত হয়েও কি শান্তি আছে, সেখানেও ঘোষ্ট না বলে গৌস্ট বলতে হবে।

সবই সেই জিভের বাঙালিয়ানা। সাবুদানা, কচুর লতি, কলাই ডাল, ভেন্ডি খাওয়া জিভে সড়াৎ করে বেড় হবে এমন শব্দ দিয়ে জিনিসের নাম রাখলে তবে না সেগুলো জনপ্রিয় হবে। আমাদের কবি লেখকদের নাম গুলো দেখুন- রবি, শরৎ, সুকুমার, সুনীল, সিরাজ প্রমুখ, কত্তো সরল। জন দূর্গেশনন্দিনী বা কপালকুণ্ডলা পড়েছেন অথবা একটু শক্ত উচ্চারণের বঙ্কিমকে কতজন জেনেছেন। বরং বিভূতি, মাণিক, শংকর অনেক বেশি জনপ্রিয়। গোরাদের কথা ছেরেই দিন, তাদের মহান লেখকের নাম বাঙালী ভদ্র সমাজে নেওয়া যায়? সেক্স দিয়ে নাম কার শুরু হয় বাপু? চার্লস ডিকেন্স আরেকজন, সেখানেও ডিক, ছিঃ, নির্লজ্জতার চুড়ান্ত। তাদের দেশে যা শোভনীয় আমাদের জিভে যে বড়ই বেমানান সেসব।

আমাদের জনপ্রিয় ওষুধ গুলোর কথাই ভাবুন, যেমন ধরুন ডাইজিন, কাজ হোক বা না হোক নামটাই সুন্দর, বিকোয়ও হুড়মুড়িয়ে। ছোট বেলায় জ্যাক এন্ড জিলের স্বাদ মাখানো পেটব্যাথার মেট্রোজিল। মাথাধরার ক্রোসিন আবার রেশনের কেরোসিনের সাথে নেমসেকের মতই, তাড়াতাড়ি কেরোসিন বললে তেমনই শোনায়। সেলাইন, ওয়ারেশ নামগুলোও কী দারুন নির্বিষ, যেন ফিল্ডিংয়ে থাকা গাঙ্গুলি, দাঁড়িয়ে যেখানেই থাকুক বল ঠিক বেড়িয়ে বাউন্ডারি যাবেই যাবে

আমরা যেসব খাবার খায় সেখানেও কত মসৃণ উচ্চারণ, চাল, আটা, মাছ, ডিম, সিম, আলু ইত্যাদি। উচ্চারনে একটু কষ্ট মানেই তা গরীবের জন্য নয়; পোস্ত, বিরিয়ানি, মাংস এগুলো হত-দরিদ্রের জিভের ভাষাই নয়। অনেকেই আমাদেরকে ছোটলোক বলে এই খটমট শব্দ জিভে খেলেনা বলে। ওরে পাগল ডোলানও তো সুচীন, কুলি আর ভিভেকামুমনোন বলেছিল, তাতে তাদের দেশের লোক হেসেছিল নাকি রে হতভাগা কাঁকড়ার জাত?

আমেরিকানরা আগেই জানত তাদের ওই কি যেন ওষুধ যেটার নাম, যে শুরুতেই উচ্চারণ করতে পারিনি। যাই হোক কাজ চালাতে নেট থেকে কপিপেষ্ট মারলাম- hydroxychloroquine, হ্যাঁ- এটা তাদের লাগবে। তাইতো ২০১৯ এর সেপ্টেম্বরে মোদীজি তাদের দেশে যেতেই- সব গোরার দল হাউডি মোদী করে চেঁচিয়েছিল, আসলে তারা শর্ট ফর্মে বলছিল ওই- হাইড্রক্সিক্লোরোকুইনিন দে মোদী। বাকিটা অপভ্রংশ দোষ- হাউ দে মোদি, হাউডি মোদি। সবই জিভের করিশ্মা, আর আমরা কি না কি বুঝেছিলাম। উন্নত জাতি কত আগে থেকেই তারা সব জানে- আমরা বাপু আঁটকে যাওয়া জিভের হ্যেবলা হয়েই দারুণ খুশি।

কোয়ারেন্টাইন, প্যান্ডামিক, আইসোলেশন, মিউটেশন, জিনোটাইপ এমন কত কত শব্দ জিভ জড়িয়ে গেলেও আজকাল বলতেই হচ্ছে, যা নিজেই একটা মহামারী। এর বিরুদ্ধে সমগ্র বাঙালি জাতির ‘পোতিবাদ’ কই!

 

ফেসবুকীয় সিপিএমঃ ফিউজড আইনগাইডেড কামিকাজে ড্রোন

  ফেসবুকের ‘সিপিএম’ নামক এই চুড়ান্ত আঁতেল ও প্রায় সর্বজ্ঞ গোষ্ঠীটার পূর্ণ বোধোদয় বা পূর্ণ বিনাশ না ঘটা অবধি রাজ্যের বাম নেতৃত্বের খুব বেশী ...