রাষ্ট্র
তোমার বুকেতে লালন করেছো, প্রণমী জন্মভূমি।
শিক্ষা দিয়েছো, দীক্ষা দিয়েছো, মান-বোধ-জ্ঞান-উন্মেষ;
তবু আজ দেখো তোমার শরীরে, ঘৃণা- জিঘাংসা- দ্বেষ।
কখনও নিজেকে শুধায়েছো! কীভাবে হল এমন
গণতন্ত্রে প্রশ্নরা আজ লুকাচ্ছে প্রাণপণ।
তোমার নেতারা পরিবৃত্ত, উমেদার চাটুকারে
মিথ্যা শকট সবেগেতে ধায়, কে আজ রুখিবে তারে!
রাষ্ট্র মানে কী? জনগণ! নাকি রাষ্ট্র-নেতার খেয়াল!
কায়েমি স্বার্থ চরিতার্থ, ভাবনার মাঝে দেওয়াল।
রাষ্ট্র তুমি পালনকর্তা, ইতিহাসে দায় তোমার;
আজ যে চালক, কাল সে হারাবে- করে দিয়ে ছারখার।
আজানে-ভজনে কলতান উঠে, ঐক্যের সুর বাতাসে-
জাতি বিদ্বেষী শ্বাপদের দল, আড়ালেতে কুট হাসে।
রোজগার নেই যুবক সমাজ, মাথা কুটে মরে ঘরে-
রাষ্ট্র মত্ত মিথ্যা প্রলাপে, অকালে মুকুল ঝরে।
প্রথমে নিলে মায়ের পয়সা, কোষাগার লোটে বণিকে;
দরিদ্রকে ভিখারি করেছো, রাজা বানিয়েছো ধনীকে।
প্রতিশ্রুতির মিথ্যা প্রচারে, প্ররোচনার হাতে ক্ষমতা
অর্থনীতি পাতালমুখী, দিশেহারা আজ জনতা।
রাষ্ট্র, আজ তুমি দুষ্টু ভীষন, ভাইয়ের ঘরে দিলে শোক;
তিন পুরুষের ভিটেয় তারা, হয়েছে আজ বিদেশী লোক।
রাষ্ট্র তোমার দলপতি শুধু, রাজনীতিটাই বোঝে;
মানুষে মানুষে লাগিয়ে দ্বন্দ্ব, ক্ষমতার রাশ খোঁজে।
তুমি অসভ্য, তুমি কাপুরুষও বটে- সন্তানেরে দিলে বলি?
কেমন পিতা! পাষণ্ড পিশাচ- করো মায়ের কোল খালি।
তুমি ঠক, তুমি জোচ্চোর আজ, অহংকারীর শাসনে-
নিজের রক্তে আহুতি নিচ্ছ, অবিশ্বাস প্রতিজনে।
শোনো গো বধির ক্ষমতাওয়ালা, চেয়ে দেখো ওই দূরে-
ক্ষোভের আগুনে জ্বলছে সমাজ, যাবে তুমি জ্বলে পুড়ে।
সংবিধান, আজ বাতিল কাগজ- তুমিই বানিয়েছো তারে,
ওহে মূর্খরা ইতিহাস দেখো, শাসক থাকবে আস্তাকুঁড়ে।
নিজের পাপেতে ডুবে যাবে কাল, বেঁচে নাও আজ সুখে;
স্বৈরাচারী-- তোমার বিচার হবেই, জনগণই দেবে রুখে।
পিছোতে পিছোতে দেওয়ালে পিঠ, ঠেকে গেছে জেনো মিথ্যুক;
বিস্ফোরণের প্রতীক্ষাতে, স্ফুলিঙ্গ ভরা কোটি বুক।।
সভ্যতার শিখরে উঠছি, তবু হৃদয়ে নোংরা গ্লানি;
বিনম্রতার মুখোশধারী, প্রজাপীড়ন হানাহানি।
অসহায়কে তাড়িয়ে তুমি, কী সুখ পাবে বলো-
মানব সকলে তোমার যন্ত্রে তৃণসম হারে দলো।
ধিক তোমার বিশালত্বে, যদি আর্তরে না দিলে ঠাঁই;
নির্যাতন আর জুলুমে ঠেসে- দেশপ্রেম খোঁজো তাই।
তুমি মৃত নাকি জীবিত- এটা জবাব দেওয়ার ক্ষণ
নতুবা তোমার প্রতিটি ইঞ্চি বুঝে নেবে জনগণ।
জনগণ দিয়ে তৈরি তুমি- নাকি ভূখন্ড দিয়ে ঘেরা!
পরিচয় দিতে বাধ্য, তোমায় আগামী করবে জেরা।
যুঝে নেবে তোমার মূর্খ রাজাকে, স্তাবক সপার্সদেরে-
রাজপথে তার হবে যে বিচার, ক্ষমতা লইবে কেড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন