মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

পড়াশোনা করুন


উন্নত জাতি আসলে, অনেক ছোট ছোট সুস্থ সমাজের সমষ্টিরূপ।
সুস্থ সমাজ তৈরি করে মূল্যবোধ যুক্ত মানুষেরা।
গভীর মূল্যবোধ ছাড়া উপলব্ধি অসম্ভব।
উপলব্ধি অধরা প্রকৃত শিক্ষা বিনা।
প্রকৃত শিক্ষা রচিত হয়, কল্যাণের বাস্তবোচিত রূপরেখাকে কেন্দ্র করে।
বাস্তববাদী করে তোলে, শিশুর বেড়ে ওঠার পরিবেশ।
পরিবেশ তৈরি করে অভিভাবক।
অভিভাবককে গঠন করে তার ধীশক্তি যুক্ত অভিজ্ঞতা।
অভিজ্ঞতা আসে অনুশীলন থেকে।

ক্রমাগত ভাল আর মন্দের ফারাক করতে পারাই হল সুষ্ঠু অনুশীলন।
বই, বই'ই পাঠ দেয় - ভাল আর মন্দের। বৃহত্তর পরিসরে বিভিন্ন আঙ্গিকের নিরন্তর পড়াশোনা'ই জ্ঞানার্জনের একমাত্র অগ্রিম ও সুখকর পন্থা, নতুবা সময় শিখিয়ে দিলে লাভের ঘরে কষ্ট মিশ্রিত অভিজ্ঞতা ছাড়া কিছুই অবশিষ্ট থাকেনা।

সুতরাং, পড়াশোনা করুন; এর বিকল্প নেই। ওতেই সকল কিছু ভাল নিহিত আছে।


রবিবার, ৩ জুন, ২০১৮

।। সুপুরডি হত্যা ।।


হত্যা যখন সকল ক্ষেত্রেই ঘৃণার, তাহলে পুরুলিয়ার দুই যুবক খুনে প্রতিবাদ কই ফ্রেন্ডস? নাকি ওরা বিজেপি, মানুষ নয়? হতেই পারে এই BJPই ধর্মের নামে সারা ভারত জুড়ে মানুষ খুন করেছে। তার রোষে অন্য কেউ আবার খুন হবেন?

পরপর দু-দিন দুটো এভাবে ঝুলন্ত দেহ দেখে শিউরে উঠছি। জানতে চাইনা তারা কোন দলের সমার্থক, কোন জাতি কোন প্রদেশের- শুধু জানতে চাই এই খুনে কোন উন্নয়ন হচ্ছে বা আচ্ছেদিন আসছে? কেন এই খুনের রাজনীতি বন্ধ হবেনা? নপুংসক প্রশাসন কেন সাজা পাবেনা? প্রকাশ্যে-

কাল বাম কর্মীরা যখন খুন হত, মিডিয়া বুদ্ধিজীবী কেউ মড়াকান্না কাঁদতনা, পাশ কাটিয়ে যেত। এই সুপুরডি আর ডাহা গ্রামের ৩ জন CPM কর্মী খুন হয়ে যান ২০১০ সালে, সংবাদপত্রের শিরোনাম পায়নি সেদিন, কারন রাজ্য পরিবর্তনের স্বপ্নদোষে আক্রান্ত ছিল। আজ আবার পরিবর্তনের পরিবর্তন চেয়ে দালাল মিডিয়া খবরে প্রকাশ করছে।
জেলা পুলিশ বড়কর্তা পিসির ঢঙে আত্মহত্যা বলে দিতেই, পিসি রেগে টং। ওটা ওনার অধিকার, অন্যে কেন কেড়ে নেবে!! অতএব জেলা পুলিশ কর্তা অপসারিত।

আজ পিসির ভাইপো যুবরাজের স্বপ্নের "বিরোধী শূণ্যের" আহ্বানে সারা দিয়ে দুটো তাজা প্রান রাজনৈতিক বলি হল। অথচ ভার্চুয়াল সমাজ প্রায় নিশ্চুপ।

রাজনৈতিক মতাদর্শগত বিভেদ থাক, কিন্তু প্রতিবাদটুকু করুন সমস্বরে অন্তত!
এখন রাজ্যে হয় আপনি উন্নয়নের পক্ষে নতুবা বিরোধী। আর বিরোধী মানে CPM, Congress, BJP যা খুশি হতে পারেন। কাল আবার কার নাম্বার উন্নয়ন ছাড়া কেউ জানেনা, তবুও আপনি দেখছেন গণ্ড পুরুলিয়ার দুটো 'আদিবাসী ভুত' যারা কিনা BJP, সত্যিই তো প্রতিবাদ চলে?

লজ্জা হয়, সমাজের এই সিলেক্টিভ প্রতিবাদের "ছেনালি" দেখে।


শুক্রবার, ১ জুন, ২০১৮

।। ইন্টালেকচুয়াল সম্পত্তি চোরের কীর্তি ।।

একটা টিচার গ্রুপ, লক্ষাধিক সদস্য, আমারই কয়েকজন ঘনিষ্ট বন্ধুদের দ্বারা পরিচালিত। নাম TEACHER- a FRIEND,a PHILOSOPHER and a GUIDE.
আর এই ঘনিষ্টতার কারনেই আপাতত আমি মিউট আছি 
বিষয়টা অন্যত্র। জনৈকা লেখিকা মহুয়া সিংহ রায় নাম্নী, তিনি ওই গ্রুপে 'রবীন্দ্রনাথ ও প্রেম' নিয়ে এক লম্বা লেখা লিখছেন। অন্তত ১০- ১৫ খন্ড তো পোষ্ট হয়েই গেছে। যার পোষ্টার নিশ্চিত ভাবেই এডমিনদের কারো বানিয়ে দেওয়া।
দারুণ তথ্য সম্বলিত লেখা নিঃসন্দেহে।
মুসকিলটা হল অন্যত্র।
গোটালেখার ৯০% ই প্যাপিরাস নামের ব্লগের একটা লেখার সাথে লাইন বাই লাইন মিল আছে। লিঙ্ক দিলাম দেখে নিন।
কিন্তু কমেন্টে লেখিকার এমন উজ্জ্বল উপস্থিতি- "আমার লেখা' বলে, ছত্রে ছত্রে-
একটু আশ্চর্য করে বৈকি।
হতেই পারে লেখিকার ছদ্মনামে লেখা ওই ব্লগ। এবং একটিই ব্লগ কি? অন্তত গোটা ১০-১৫ ব্লগ থেকে নিপুন মুন্সিয়ানা করে কপিপেষ্ট করা।
যেহেতু গ্রুপে জানার সুযোগ নেই, তাই জানার জন্য অপেক্ষায় রইলাম। এবং এখানেও ক্ল্যারিফিকেশন চাইলাম জনগণের চেয়ে।
প্রশান্তদা কে বলি- তুমিও এসব প্রশ্রয় দিচ্ছ বস? 
আমি নাহয় জন্মগত হারামি ও চোর, বিটকেল উল্লুক। কিন্তু এনারা?

আর ইয়ে, প্রতিটা পর্বের মূল লিঙ্ক আমি দিয়ে দেব চাইলে।

বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

কিছুনা- ৩


সফলতা আসলে একটা ক্ষণের নাম,
যার নির্দিষ্ট একটা জীবনরেখা রয়েছে;
সময় বয়ে চলে সামনের দিকে।
সফলতাকেও পাল্লা দিতে হয় সেই পথেই,
নতুবা সেই সাফল্যও পরক্ষণে ব্যার্থ নামে ভূষিত বা চিহ্নিত হয়।

মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

।। মেঘ মল্লারঃ ঘোষণা ।।




আষাঢ়ষ্য বাদল দিনে
যখন মনের ঘাটের সিঁড়িতেও শ্যাওলা জমে। উত্তাল প্রেম মিলন বিরহে, বৃষ্টির স্যাঁতস্যাঁতে পনার সাথে মিশে ভাবনার আকাশ ঝাপসা করে দেয়- শ্রান্ত মন পরিতৃপ্তির অভিলাষে ব্যাকুল হয়। বিবস্ত্র হৃদয় আলুলায়িত স্পন্দনে ক্ষণেক্ষণে কম্পিত হয় প্রতীক্ষার অনুশাসনসংবলিত হয়ে।

তখনি তো রাতের বুক চিরে যদি কেউ মল্লার রাগের মুর্চ্ছনাতে বিভোর করে, তবেই বাকি সকল কিছু ভুলিয়ে দেবার ক্ষমতা রাখে।
এমনই মহেন্দ্রক্ষণে যদি কাব্যের আকাশ থেকে ঝড়ে পড়ে সেই মেঘমল্লার- অকপট রূপে!! কেমন হয়?
সুধী-
আসছে
মেঘমল্লার সংখ্যা
স্বপ্নের আখ্যান

রবিবার, ২৭ মে, ২০১৮

শিক্ষক আন্দোলনঃ ৩


অরাজনৈতিক কর্মচারী আন্দোলন-
মোটামুটিরকমভাবে তুলসীতলায় অন্তিমশয্যা নিয়েছে। এটাই স্বাভাবিক। আন্দোলনের একটা গতিধারা চায়, পরিকল্পনা চায়, নির্ভীক নেতৃত্ব চায়, আপসহীন সৎ সাহসী একটা মঞ্চ চায়। যেগুলো বর্তমানে "বেতনের সুরক্ষাতে" "ঘেউ ঘেউ" দের নেই।

এগুলো সবই উন্নয়নের ভাষা, সংবাদে প্রকাশ ৭০ জন শিক্ষকের বেতন বন্ধ ও বেতনের ঘরে উন্নয়ন ঢুকবো ঢুকবো প্রায়। তার আগে তিনজন গ্রেপ্তার, এবং মাজায় দড়ি।
বিজেপি নামক জীবানুর উপস্থিতি এই গনপ্রতিবাদে অণুবীক্ষণযন্ত্র দিয়ে খুঁজে পাওয়া গেছে বলে কেউ অপবাদ দেয়নি। ওরা যে জনবিচ্ছিন্ন আর উপস্থিতি বিকৃত ও বিক্রিত সংবাদ মাধ্যমে সেটা আজ প্রমানিত। শুধুমাত্র হিংসা ছড়াতে ওরা সিদ্ধ হস্ত।

রাজ্যে সিপিএম কে আঁটকাতে বিজেপির তিনু বিরোধিতা আসলে একটা সুপরিকল্পিত প্রোপাগান্ডা। আসলে ওরা দুটো মিলে একটাই। সেই "মমতা- মুকুল" হিট জুটি।

হৃত সম্মান পুনরুদ্ধারে, সুরক্ষিত চাকুরি জীবনের দাবিতে, রাজকুমার বাবুর মৃত্যুর সঠিক তদন্ত কোর্টের নজরদারিতে, মাননীয় শিক্ষক সমাজের হেনস্থা রুখতে-
লাল পতাকার নিচে আওয়াজ তুলুন। সারা পৃথিবীর সমস্ত প্রলেতারিয়েতের একটা ঠিকানা। বুর্জোয়াতন্ত্র ও লুম্পেনবাজের বিরুদ্ধে আদর্শ ভিত্তিক লড়াই করুন, যার নাম বাম আদর্শ।
বামেদের বিকল্প আজও নেই গোটা দেশে।

তাই একটাই প্রতিকার-
বাম আন্দলোনের সাথে যুক্ত হওয়া।
বাম আদর্শ কোনো ফিনিক্স আন্দোলন নয়, বরং এটা একটা শৃঙ্খলিত জীবনধারা।
আপনারা শিক্ষক- ভাল আর মন্দের ফারাক বুঝুন। আগামী ভোটের বাক্সে এই ক্ষোভের প্রতিফলন ঘটান। তার আগে মানুষের মত বাঁচার জন্যই বাম আন্দোলনে সামিল হন।

কথায় আছে -
সুবহাকে ভুলা আগর সামকো ঘর ওয়াপাস আ যায়ে, তো উসকো ভুলা নেহি ক্যাহেতে।

(ছবিঃ একটা জনপ্রিয় শিক্ষক ফেসবুক গ্রুপ থেকে)



কিছুনা- ২


সম্পর্কে জড়ানোর চেয়ে সেটা ভাঙার সিদ্ধান্ত আরো কঠিন;
কিন্তু বেঁচে থাকার শর্তে অপ্রিয় সিদ্ধান্তও নিতে হয়। 
ক্ষমা কোরো, কারন আমি নিরুপায় আর তুমি অবিচল।

বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

নীলিনায়িত অভিবাসীঃ বাঙালীর ভাষা

 



প্রতিটি জীবই তার মনের ভাব বিনিময় করে থাকে নিজস্ব উপায়ে, আর এভাবেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ- তার অন্তরের ভাব বিনিময়ের জন্য ‘ভাষার’ সূচনা করেছিল সভ্যতার আদি লগ্নেই।

প্রতিটি ভাষা কোনোনা কোনো আদি মূল ভাষা হতে জন্ম নিয়েছে, এরপর সময়ের সাথে সাথে হরেক সংস্কৃতি, জাতি, গোষ্ঠী, ব্যাক্তির সংস্পর্শে এসে সেই ভাষায় অল্প অল্প করে সংমিশ্রণ ঘটতে থাকে; ভাষা ঋদ্ধ হয়, উদবর্তীত হয়।

ভারতীয় পুরাণের কাহিনী থেকে ভাষার ইতিহাস খুঁজতে গেলে সেই আর্যদের ইতিহাসের গভীরে যেতে হয়। নর্ডিক(!) জাতিগোষ্ঠীর মানুষ আর্যরা ছিল ককেশাস ও স্তেপ অঞ্চলের বাসিন্দা, উত্তর-পশ্চিম ইউরেশিয়া অঞ্চল থেকে আর্যরা তৎকালীন আনাতোলিয়া, পারস্য, খোরাসান, মেহেরগড়, হরপ্পা হয়ে আজকের ভারতীয় মূল ভুখন্ডে প্রবেশ করেছিল বলে অনুমান করা হয়।

আজকের পৃথিবিতেও কমবেশি ৭০০০ এরও বেশি ভাষা রয়েছে, যদিও কয়েকটি ভাষার দাপটে প্রতিমাসেই একাধিক ভাষা কালের অন্তরালে হারিয়ে যাচ্ছে বলে দাবী করেছে ইউনেস্কোর এক বিশেষজ্ঞের দল। মন্দারিন (১১.৯০%), হিস্পানিয় (৬%), ইংরাজি (৫%), ও হিন্দির (৪.৫০%) পরেই আমাদের বাংলা ভাষা- যা প্রায় ৩ শতাংশ মানুষের প্রাণের ভাষা এই বিপুলা পৃথিবীর সর্বমোট জনসংখ্যার নিরিখে।

সুদীর্ঘ ইসলামিক শাসনের সুবাদে বাঙলাতে প্রভূত পরিমাণে আরবি ও ফার্সি শব্দের অনুপ্রবেশ ঘটেছিল। প্রশাসনিক ও আইন-আদালত সম্পর্কীয় শব্দে- ‘আর্জি, আলামত, উকিল, এজলাস, কসম, কানুন, খারিজ, মৌজা, মহকুমা, রায়, হাজত’ ইত্যাদি আরবি শব্দ বাংলা শব্দকোষে ঢুকে গেছে। ধর্মগত শব্দ গুলো ছাড়াও, শিক্ষা সংক্রান্ত বহু শব্দ আরবি জাত, যেমন- ‘উস্তাদ, কলম, কিতাব, কুর্সি, খাতা, তর্জমা, দাখিল, দোয়াত, মুন্সি’ ইত্যাদি। ‘গরীব, খেয়াল, খবর, জমা, জিনিস, দুনিয়া, ফকির, বাতিল, সাহেব, জবাব, খালি, ওজন, আসল, গায়েব, নগদ, বাকি, হাজির’ ইত্যাদি বিবিধ শব্দের সাথে সংস্কৃতি বিষয়ক শব্দ- ‘আক্কেল, আদব, আদাব, আতর, কবর, কিসমত, খাস, তাজ্জব, তালিম, দুনিয়া, বিদায়, মজলিস, মঞ্জিল, মাহফিল’ শব্দগুলো বাঙলাতে বহুল ব্যবহৃত। এছাড়া আম (আমজনতা), গড় (গড় হাজির) ইত্যাদি উপসর্গ শব্দগুলোও আরবি।

‘হুঁশিয়ার, চশমা, মেজাজ, রকম, হজম, নাগাদ, লাগাম, লোভ, নতুন, নজর, রসদ, হালনাগাদ, হল্লা, তোষক, আদমি, হুজুকে, আমদানি, রফতানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, হাঙ্গামা,’ ইত্যাদি শব্দগুলোর সাথে বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রেও ফার্সি শব্দেরা নিজেকে বাঙালী করে নিয়েছে, যেমন- ‘দপ্তর, তারিখ, দস্তখত, নালিশ, মেয়াদ, হুজুর, জবানবন্দি, দরবার, মোর্চা’ ইত্যাদি। আবার ‘দোকান, খরিদ্দার, দড়, দাম, রেজকি, মুনাফা, কারখানা, মেহনত, ধন-দৌলত, বাদশাহ, বান্দা, বেগম, মেথর’ শব্দগুলোও ফারসি থেকে আমদানিকৃত।

‘আয়না, কাগজ, গরম, পর্দা, বাগান, আস্তে, রাস্তা, বদ, মতলব, খুব, পছন্দ, রোজ, আন্দাজ, আওয়াজ, আরাম, হারাম’ এর পাশাপাশি ইসলামিক ধর্মবিষয়ক শব্দে গোটা ভারত উপমহাদেশে যেগুলো আরবি শব্দ নামে পরিচিত আসলে সেগুলো খাঁটি ফারসি শব্দ, যেগুলো কোরান হাদিশে উল্লেখই নেই, কিন্তু ‘জরথুস্ট্রীয়’ জিন্দা-আবেস্তায় বিলকুল রয়েছে। যেমন- ‘খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পীর, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা’ ইত্যাদি। প্রসঙ্গত মাথার ফেজ টুপি ও পুঁতির তসবিও এই পারস্য সভ্যতার স্মারক, ইসলামিক সভ্যতার নয়।

বিভিন্ন রঙের নাম যেমন- ‘লাল, সাদা, আসমানী, বাদামি, সবুজ, গোলাপী’ শব্দগুলো খাঁটি ফারসি শব্দ। এগুলোর পাশাপাশি বিভিন্ন প্রত্যয় যুক্ত শব্দ, বাংলার সাথে জুড়ে একধরণের যৌগিক শব্দ তৈরি করেছে, যথা- দার (তালুকদার, জমাদার, হাবিলদার, চৌকিদার ইত্যাদি), বাজ (জাঁহাবাজ, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ ইত্যাদি), বন্দী (নজরবন্দী, জবানবন্দী, কারাবন্দী ইত্যাদি), সই (মানানসই, চলনসই, টিপসই ইত্যাদি), চি (কলমচি, তবলচি ইত্যাদি), নবীশ (শিক্ষানবীশ, নকলনবীশ ইত্যাদি)

এছাড়া কিছু শব্দ আছে যেগুলো আরবি ফার্সি দুই ভাষাতেই রয়েছে, যেগুলো বাংলাতে কৃতঋণ ভাষা হিসাবে ঢুকে গেছে, যথা- ‘পোলাও, অছিলা, জ্যান্ত, দেওয়াল, জবরদস্তি, পাঁজা, তরফ, ফতুর, জমি, প্যাঁইতাড়া, জাইগা, খতম, মিহি, খ্যাসারত, ক্যাদ্দানি, কয়াল, জৌলুস, গরজ, মিছরি, কারচুপি, দানা, পোস্ত, উয়ার (লেপ কাঁথার), পেঁয়াজ, আদায়, ফারাক, দেমাক, পয়মাল, কাতার, আলবাৎ, বস্তা, বোড়া, বুজরুগি, খবিশ, আলিশান, দেদার, খয়রাত, আসান, লাট্টু, সবক, ফ্যাসাদ, কিল, জরুরী, খানকা, দেদার, ফানুস, কারচুপি, জেদ, তোড়া, কুলুপ, তামাম, পয়দা, গোস্ত, শাদি, সানাই, কেচ্ছা, খানকি, খামোখা, ব্যাজার, খিল, খেয়াল, খঞ্চা, চুপ, কাছারি, তবক, তৈরি, দোহায়, নাকাল, তরফ, মুরোদ’ ইত্যাদি।

তৎকালীন আনাতোলিয়া বা আজকের তুরস্কের কিছু তুর্কি শব্দও বাংলায় ঢুকে গেছে, যথা- ‘বাবুর্চি, দাদা, বাবা, বেগম, চকচকে, উজবুক, কাঁচি, বোঁচকা, কোর্মা, বিবি, তাগড়াই, চমকা, কল্কে, চাকু, ভাগাড়, মুচলেকা, তোপ, আলখাল্লা, খাতুন, চাকর, বারুদ, সুলতান, শিকার, দারোগা’ ইত্যাদি।

বর্তমানে নাগপুরী গেরুয়া ভক্তের দল আরবি সংস্কৃতি বাদ দিয়ে স্বদেশী সংস্কৃতি আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে, তাদের সুবিধার্থে এই প্রবন্ধটা কাজে আসতে পারে, যে- ঠিক কোন কোন শব্দগুলোকে বাদ দিলেই চলবে। অবশ্য এই বাদ দেওয়াদেয়ীর গপ্পো নতুন কিছু নয়।

‘জয়গোপাল তর্কালঙ্কার’ (১৭৭৫-১৮৪৬) তার জীবনের এক্কেবারে শেষ লগ্নে এসে উপলব্ধি করতে পারেন যে, দীর্ঘ ইসলামিক ‘কু’শাসনে- কুলীন বাংলা ভাষায় যতেচ্ছ পরিমাণে আরবি-পারসি ভাষার ‘যবন’ অশুদ্ধি ঢুকে গেছে, যেগুলো বাংলার মর্যাদা ও মাহত্ব্যকে হানি করছে। এভাবে চললে বাংলার বুক থেকে সনাতনী হিন্দু ঐতিহ্য অচিরেই বিলুপ্ত হবে। যথারীতি এই নিয়ে তিনি বই ও লেখেন।

তার আপন ভাষ্যে- “…ভারতের পবিত্র ভূমিতে ‘যবনসঞ্চার’ রোধ করতে হলে সর্বাগ্রে ‘যাবনিকভাষা’ পরিত্যাগ করতে হবে,… আমি বহু পরিশ্রম ব্যায়ে ক্রমে ক্রমে সংকলন করিয়া সেই বিদেশীয় ভাষার স্থলে স্বদেশীয় সাধুভাষা পূনঃস্থাপন করিবার হেতু অভিধানটি রচনা করিয়াছি। স্বকীয় ভাষার মাঝে বিদেশী ভাষা লুক্কায়িত হইয়া চিরকাল বিহার করতে পারেনা, পরকীয় বস্তুর ব্যবহারে যে লজ্জা ও গ্লানি তাহা হইতে আমাদের মুক্ত হইতে হইবে…”।

সেইকালে ইংরাজি আমজনতার মাঝে ততটা জনপ্রিয়তা লাভ করেনি, তাই তাঁরা এই ‘জয়গোপাল’ পণ্ডিতের ভাবনাকে প্রত্যাখ্যান করার পর কি বলেছিল তা অনুমান করা খুব কষ্ট; আজকের দিনে হলে যেকোনও ভাষাবিদ, বিশুদ্ধ বাংলায় বলে উঠবেন- “ওহ সিট”

-সংক্ষেপিত

বুধবার, ২৩ মে, ২০১৮

ছিঃ বেদান্ত

স্টারলাইট তামা কারখানার দুষণ বিরোধী বিক্ষোভে গুলি চালানো তামিলনাড়ু পুলিশ। তুতিকোরিনে, জেলাশাসক দপ্তরের সামনে রীতিমত স্নাইপার রাইফেল দিয়ে পরিকল্পিত রাষ্ট্রীয় খুন।

এরা সেই বেদান্ত গোষ্ঠী যারা ওড়িশাতে আদিবাসীদের জমি কেড়ে নিয়ে চেয়েছিল। এরা সেই বিদেশী গোষ্ঠী যারা কংগ্রেস বিজেপি উভয় দলকেই কোটিকোটি টাকা অনুদান দেয়-

এরা সেই গোষ্ঠী, যারা পুলিশ দিয়ে গণগত্যা চালালো।

ছিঃ পুলিশ

ধিক্কার জানাই

মঙ্গলবার, ২২ মে, ২০১৮

প্রসঙ্গঃ রাজকুমার বাবু


হত্যার তদন্ত, বিচার, ওনার পরিবারের সুরক্ষা ও আপনাদের মত বাকি সরকারী কর্মীদের সুরক্ষা।
------------

কাউকে পাশে পাচ্ছেননা প্রতিবাদে?
আপনারা কি মাত্র মেরেকেটে ২-১০ জন?
 
যার জন্য মনে কিন্তু কি
ন্তু?
অথচ যা অন্তরে যা বিপ্লবের গরম- বগলে ডিম দিলে সিদ্ধ না হলেও মুরগির বাচ্চা হয়ে যাবে এমন অবস্থা?
বেশ-

তাহলে রাজনীতি, চোখরাঙানী, শো-কজ, হুমকি ইত্যাদি নাহয় এ কদিন একটু ভুলেই যান। আর চলুন "নেই প্রজাতির প্রতিবাদ" শুরু হোক।

এবারে? এখনি? আজকেই? হ্যাঁ এবারেই, এখনিই, আর আজ সম্ভব না হলে, কাল পরশু বা তারপরদিন। কিন্তু এ সপ্তাহেই, যত তাড়াতাড়ি সম্ভব।

কোলকাতা, রায়গঞ্জ, হিল্লি, দিল্লি কালীঘাট, সুজন কুজন মুকুল বকুল ড্যাস ড্যাস সব ভুলে যান। নিজের এলাকাতেই "পোতিবাদ" হবে, মানে আপনি পারলেই হবে।

আপনার এলাকাতে ওই ২-১০ জন মিলে হল্লা করুন নিকটস্থ প্রশাসনিক ভবনটির সামনে বা থানার সামনে একটা স্থানে। সংবিধান মেনে প্রকাশ্য ও রিলে-প্রতিবাদ করুন। যেন একজন গেলে অন্যজন সেই ধারা বজায় রাখবেন।
বিশ্বাস করুন, কিছু মাতাল দাঁতাল হার্মাদ 'হেয়ার & স্কিন' পাবলিক মিছিলে যাবার অভ্যাসেই পা মিলিয়ে সংখ্যাটাকে ঠিক দ্বিগুন করে দেবেই। আর যদি এলাকাতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বাস থাকে, তাহলে তো কথাই নেই, নিচে ৫০ উপরে ৫০০-১০০০ মানুষের জমায়েত হলেও আশ্চর্যের কিছু নেই।

তবে হ্যাঁ, এসবই আপনাদের অনভিজ্ঞতা আর অনভ্যাসের ফোঁটা তো, তাই চড়চড় করতে পারে। সুতরাং- অবশ্যই একটা প্ল্যাকার্ড ফেস্টুন বা পোষ্টার বা ঐ জাতীয় কিছু হাতে রাখুন, মানে ঘাবড়ে গিয়ে মুখ নিরব(মোদী নয়) হলে গেলে যেন রাষ্টযন্ত্র চিনে নিতে পারে, যে এনারা কি চাইছেন।

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে-
৬ টা কর্পোরেশন
১২১টা পুরসভা
৩৪১ টা প্রশাসনিক ব্লক
৬৬ টা সাবডিভিশন
 
২৩ টা জেলা
৩ টে ডিভিশন

মোট কটা হল? হবে শ-পাঁচেক কত, যাই হোক-
এই সব কটা স্থানে ওই ২-১০ জন করেই হল্লা করুক, নিয়মিত।

অবশ্য উন্নয়ন দেখে ভয় পেলে বা মাসিক বেতনের স্বাচ্ছন্দ্য, চোখে তুলসি পাতা আর কানে হেডফোন গুঁজে দিলে আপনি সাক্ষৎ মহাপুরুষ। আর আপনার পরেই মহামতী শিক্ষক শ্রী বিজন সরকার।

তবে যদি এগুলো করতে পারেন, মাইরি বলছি-
নবান্ন, পিসার টাওয়ার হতে সময় নেবেনা।
_________________
উন্মাদ-ইয়ো-পরামর্শ
(ইয়ে, আমি শিক্ষক নই তো, লাষ্ট বেঞ্চের লাথখোর ছাত্র। বানান ভুল নিজগুণে মাফ করে দিয়েন। আর, দয়া করে আমার মাঝে ফেক আবিষ্কার করে, নিজেকে ফেলুদা ভেবে মস্তিষ্কে রজঃস্রাব ঘটিয়ে লাভ নেই, আমি জেনুইন ফেক।)


রবিবার, ২০ মে, ২০১৮

ভাগ্যিস আমি মাস্টার নই



একটা সময় ছিল এই বাংলাতে- MLA, জেলাপরিষদ সদস্যপঞ্চায়েত প্রধান মানেই তারা অধিকাংশ জন পেশাগত ভাবে শিক্ষক। দলমত নির্বিশেষে। আজকের শিক্ষকেরা ফেসবুক, হোয়াটসেপ গ্রুপের এডমিন। শখের কবি, বিশুদ্ধ ভার্চুয়াল বিশেষজ্ঞ বিশ্লেষক - তা সে বিষয়ই হোক।

আজকের সমাজের সবচেয়ে ক্লীব, ভীরু, কাপুরুষ ও নির্লজ্জ স্বার্থপর প্রজাতিটা হল বঙ্গীয় সরকারি কর্মচারীরা। এরা না ফোঁস করে না ফাঁস, কিন্তু পৃথক ভাবে কথা বলুন, মুখে মারিতং জগৎ প্রতিজনেই। আর শিক্ষকেরা এই প্রজাতির পতাকাবাহী।

আগামী প্রজন্ম চরিত্রগত ভাবে নপুংসক হয়ে বড় হচ্ছে এনাদের তত্বাবধানে। যার জন্য সামান্য আর্থিক সঙ্গতি থাকলে সাধারনত কেউ সরকারি স্কুলে নিজ বাচ্চাকে পাঠাননা। সামান্য, রাজকুমার বাবুর মৃত্যু সংক্রান্ত আন্দোলন দেখে ভেবেছিলাম এনাদের বিবেক বোধহয় জাগল, ওমা যেই কাউন্টিং থেকে অব্যাহতি দেওয়া হল, অমনি IPL আর সোস্যালমিডিয়াতে জ্ঞানদা ফার্মেসি খুলে বসলেন।

এই বাংলার সবচেয়ে বড় সদস্যপদ বিশিষ্ট সকল ফেসবুক গ্রুপ গুলোই শিক্ষক গ্রুপ। এক আধটা বাদ দিলে সবকটাই প্রায় উদাসীন। একটা বড় শিক্ষক গ্রুপ আজও 'কবিপক্ষ' পালন করছে নির্লজ্জ ভাবে। তাদের প্রতিবাদ হাততালি আর কবিতাতে সীমাবদ্ধ। এনাদের ঘরের সব সমস্যা বোধহয় তালি মেরে আর কবিতা লিখে গান গেয়ে সমাধান করেন। মানে নুন্যতম বোধবুদ্ধি টুকু হারিয়ে ফেলেছেন, যে কি করা উচিৎ!

সাবাস, মাস্টার মশাই- আপনারা ধন্য। কিন্তু কাল আপনিও বিপদে পড়লে বাকিরাও আন্দোলন করবে নিজে বাঁচার জন্য, আর লাগাতার "পোতিবাদ" হবে ফেসবুকে হোয়াটসএপে- গান গেয়ে, তালি মেরে, কবিতা লিখে। আপনাদের দেখেই তো ভবিষ্যৎ শিখছে।

দুজন শিক্ষক লকআপে পচছে এই গরমে? জানেন লকআপ কি? আমি ছিলাম বেশ কয়েকবার, ১০ ফুট বাই ১০ ফুট জানালা বিহীন ঘরে অন্তত ২০-৩০ জন। তার মাঝেই এক কোনে একটা পায়খানা প্যান বসানো। ভিতরে কোনো সিলিং ফ্যান নেই, যদি কেউ তাতে ঝুলে পড়ে বা ঝুলিয়ে দেয়। একেকটা ঘন্টা একেকটা দিন মনে হয়। জীবন্ত নরক দর্শন।

ওখানে শিক্ষকেরা আছেন ছিঁচকে চোর, ধর্ষক, সব বাকি অনেক অপরাধীর সাথে। কেন আছে আপনি শুধাবেননা সরকারকে? দয়ার দানে পাওয়া চাকরি!! যে এতো ভয়? কাল আপনাদের উই পোকাতে খেয়ে নেবে জীবন্ত, এতটাই নির্জীব আপনারা।

ভাগ্যিস আপনি নেই ওই লকআপে।

সত্যিই কি আপনি নেই স্যার? দেখুননা একটিবার মুখটা আয়নাতে, লজ্জা না পেলে সত্যিই আপনি আধুনিক প্রজন্মের শিক্ষক। পেলে এখনও অবশিষ্ট বিবেক রয়েছে আপনার। আওয়াজটা তুলুন, শুরুটা করুন একাই। দেখুন অনেকের স্বরে স্বর মিলে যাবেই, ক্ষোভের আগুন সকলের বুকেই আছে, একত্রিত হোন। নাহলে রাষ্ট্র আরো নিপীড়ন করবে।

চলুন এই অবস্থাতে আমিও প্রতিবাদে ফেটে পড়ে "তালি" দিলাম। সুধীজনের ভাষাতে- "নোয়েল পোপেসোন" বাওয়া। আমি তুমি বেনিয়া বুঝবো না।

নিজেকে বড় সৌভাগ্যবান মনে হয় একেকসময়, আর সেটা আপনাদের দয়াতে। সরকারি চাকরি না পাওয়ার আক্ষেপ কোনোদিনিই ছিলনা। আজ মনে হয় বেঁচে গেছি বড় সর্বনাশের হাত থেকে। বৃহন্নলা সেজে বাঁচা আর হয়ে বাঁচার ফারাকটা বুঝতে শিখেছি। আর যে পেশা তেই থাকিনা কেন- অন্তত পশ্চিমবঙ্গের "ম্যাস্টার" নই।



তৃণমূলের প্ররোচনার ফাঁদে পা দেবেন না

⛔ সতর্কতামূলক পোষ্ট ⛔ আজ SIR এর ভোটারলিষ্ট বার হবার পর- জনরোষের দোহায় দিয়ে দিকে দিকে ‘সংগঠিত অশান্তি’ লাগাবার ‘ফুল প্ল্যান’ নিয়ে এগোচ্ছে শাা...